
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর এলাকায় করতোয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিবার্তা২৪ ডট নেটে এই সংবাদ প্রকাশের পর বাঁধের ভাঙন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় করতোয়া নদীর বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।
স্থানীয়রা জানান, সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চকরহিমাপুরে বাঁধের প্রায় ৪০০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। ফলে বাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যান। গাইবান্ধা থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসেছেন, তিনি দ্রুত কাজ শুরু করলে বাঁধের ভাঙন রোধ করা সম্ভব হবে। আর দেরি হলে বাঁধের আরও বেশকিছু অংশ ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, আমরা আতঙ্কের মধ্যে আছি। আজ গাইবান্ধা থেকে ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করল ঠিকই; কিন্তু কোনদিন কাজ শুরু করবে তা জানি না। আমরা চাই দ্রুত এখানে ভাঙনরোধের কাজ শুরু হোক। না হলে আমাদের গ্রামও হুমকির মুখে পড়বে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বিবার্তা২৪ ডট নেট প্রতিনিধিকে বলেন, সাংবাদিক ও এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি এখানে ভাঙন দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে সন্ধ্যা হলেও দ্রুততার সাথে এসে জায়গাটি পরিদর্শন করলাম। জায়গাটি বেশ ভাঙন প্রবণ অবস্থায় আছে। আমি এখান থেকে তাৎক্ষণিক ভিডিও কলের মাধ্যমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়কে বিষয়টি জানালাম। উনি আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত এখানে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এখানে আপাতত জিও ব্যাগ দিয়ে কাজ করা হবে। পরবর্তীতে এই জায়গাসহ গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাঘাটা উপজেলা মিলে আমাদের একটি সিসি ব্লক প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি প্রকল্পটি অনুমোদন হলে এখানে সিসি ব্লক দিয়ে কাজ হবে।
বিবার্তা/নুর আলম/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]