
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান নজমু'র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান নজমু'র পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে চুপিসারে সীমানা প্রাচীর টপকে অজ্ঞাত ৩ জন ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে। হঠাৎ বারান্দায় শব্দ করলে তখন ঘরের দরজা খুলে বিষয়টি দেখতে গেলে জোরপূর্বক ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে মুখ ও হাত-পা বেঁধে পৃথক কক্ষে রেখে ওয়্যারড্রব, আলমারি ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর তারা চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]