
গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফাহমিদ রুমন নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে আকিফ আহসানের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আকিফ ধারালো অস্ত্র দিয়ে রুহিতকে আঘাত করেন।
এ সময় রুহিতকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট ভাই ফাহমিদ রুমনও হামলার শিকার হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা আমিনুল বলেন, কথা বলতে বলতে হঠাৎ করে রাকিব ছুরি বের করে রুহিতকে এলোপাথাড়ি আঘাত শুরু করে। ছোট ভাই রুমন তার ভাইকে বাঁচাতে গেলে রাকিব রুমনকে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাটি দুঃখজনক। সেই সঙ্গে রাকিবের শাস্তি চাই আমরা।
হাসপাতালে চিকিৎসাধীন রুহিত অভিযোগ করে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগের দিন তার মা ও ভাইকে মারধর করা হয়েছিল। তিনি ঢাকায় অবস্থান করলেও খবর পেয়ে রাতে বাড়িতে ফেরেন এবং বিষয়টি নিয়ে ছানা হাজী ও আকিফের সঙ্গে কথা বলেন। তবে রাতে ছানা হাজীর উপস্থিতিতে আকিফসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ছানা হাজীর হাতে থাকা চাবির সঙ্গে থাকা একটি ধারালো বস্তু এবং আকিফের হাতে থাকা সার্জিক্যাল ব্লেড দিয়ে তাদের আঘাত করা হয় বলে দাবি করেন তিনি।
এদিকে ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মোতায়েন রয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আকিফের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/রাকিবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]