
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোর ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টায়ও মেলেনি।
সোমবার (৮ জুন) দ্বিতীয় দিনের মতো রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে চরম বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজ দুই ভাই হলো—মোগলহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিনের বড় ছেলে সাব্বির (১৬) ও ছোট ছেলে শাওন (১৪)। তারা দুজনেই মোগলহাট উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ৯ম ও ৭ম শ্রেণির ছাত্র। দুই ভাইয়ের এমন নিখোঁজের ঘটনায় পরিবারসহ পুরো মোগলহাট বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে তীব্র গরমের মধ্যে দুই ভাইসহ তিন বন্ধু মিলে বাড়ির পাশে ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর স্রোতে তারা তলিয়ে যেতে থাকলে পাড়ে থাকা এক ব্যক্তি মেহেদী নামে এক কিশোরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু নদীর তীব্র ঘূর্ণিস্রোতে সাব্বির ও শাওন চোখের পলকে তলিয়ে যায়। নদীর পাড়ে থাকা স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে গতকাল রবিবার বিকেল থেকেই লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে আজ সোমবার সকালে উদ্ধারকাজে যোগ দেয় রংপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি বিশেষ ডুবুরি দল।
সরেজমিনে মোগলহাট এলাকায় ধরলা নদীর পাড়ে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। নিখোঁজ সন্তানদের ফিরে পাওয়ার আশায় নদীর পাড়ে বসে বুকফাটা আর্তনাদ করছেন মা-বাবা ও স্বজনরা। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন প্রতিবেশীরাও।
উদ্ধার অভিযানের বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান জানায়, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আজ সকাল থেকে রংপুর থেকে আসা ডুবুরি দলও এই অভিযানে যোগ দিয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে ধরলা নদীতে পানির গভীরতা অনেক বেশি এবং স্রোত অত্যন্ত তীব্র। এই তীব্র স্রোত ও নদীর তলদেশের ঘূর্ণিপাকের কারণে ডুবুরিদের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]