পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:২৩
পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্তের দাউয়াকামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন।


খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে শূন্য রেখায় ফিরিয়ে দেয়। ব্যক্তিটির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিবি ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর পর বিএসএফ সদস্যরা আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক রাখেন।


বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিএসএফের দাউয়াকামারী ক্যাম্প কমান্ডারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তিকে ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে ভারতের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com