
লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনার পরপরই পুলিশ জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজার রহমান (৬১), জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক মো. এরশাদুল হক (৪৯), ভোটমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল হক (৪০), দলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চন্দ্র রায় (৪২) এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার আজির উদ্দিনে ছেলে আনোয়ার হোসেন (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় নাম রয়েছে।
ওসি আবু সিদ্দিক বলেন, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে ৫ আগস্ট-পরবর্তী সময়ের একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন সুমা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]