
পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার বাসিন্দা সবুজ হকের ছেলে। সে পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আবু বক্কর সিদ্দিক কয়েকজন বন্ধুর সঙ্গে হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে এবং স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মাদরাসাছাত্র আবু বক্কর সিদ্দিকের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]