পাগলা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের
প্রকাশ : ৩১ মে ২০২৬, ২১:০৭
পাগলা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার বহালাবাড়ি ঘাট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে সাফি ও জুবায়ের সবার আগে নদীতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।


স্থানীয়দের প্রচেষ্টায় কিছু সময় পর নদী থেকে দুই কিশোরকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।


জানা গেছে, সাফি স্থানীয় রানহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে একই শ্রেণিতে অধ্যয়ন করত। ছুটিতে বাড়িতে এসে স্বজনদের সঙ্গে সময় কাটাতে গিয়ে এমন করুণ পরিণতির শিকার হয় তারা।


এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দুই কিশোরের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নদী ও জলাশয়ে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি আরও বেশি সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।


দুই চাচাতো ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com