লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেল ৩ ভাই-বোন
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:৩৩
লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেল ৩ ভাই-বোন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের চালার নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করা বাবা-মা হারা অসহায় তিন ভাই-বোনের স্থায়ী বাসস্থানের দায়িত্ব নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। ৩ ভাই-বোন—শাকিল, শাহনাজ ও ছোট্ট শিউলির জন্য জেলা শহরের গোল্ডেন বাজার সংলগ্ন ডিসি পার্ক আবাসনে একটি নতুন ও নিরাপদ ঘরের ব্যবস্থা করা হয়েছে।


​মঙ্গলবার (২৬ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই নতুন ঘরের চাবি হস্তান্তর করে মন্ত্রী এই মানবিক উদ্যোগের সূচনা করেন।


​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে তাদের বাবা নিখোঁজ হন এবং তিন বছর আগে মা অন্যত্র চলে যান। ফলে মাত্র ১৭-১৮ বছর বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে চেপেছিল পুরো সংসারের বিশাল বোঝা। এত বছর ধরে চরম অনিশ্চয়তার মধ্যে কাটানো পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ত্রাণমন্ত্রী।


​নতুন ঘর হস্তান্তর শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, উক্ত আবাসনটিকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। একই সাথে তিনি আবাসনে বসবাসরত তিনশত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।


​অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসারে আবাসনের স্কুলগামী বালিকা শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল এবং আবাসনের সকল শিশু শিক্ষার্থীকে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। পরে মন্ত্রী অসহায় পরিবারটির মাঝে ৩০ কেজি চাল বিতরণ করেন এবং বরাদ্দকৃত ঘরের সামনে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।


​আবাসন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতাদাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com