
“আমার ছেলের অনেক খোঁজ করেছি। এলাকার মন্ত্রী-এমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছি। সরকারের কাছে দাবি, গুমের শিকার আমার ছেলের হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি।”
ছেলের ছবি হাতে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন মিনারা বেগম। ১৪ বছর আগে গুম হওয়া ছেলে ইমাম হাসান বাদলকে ফিরে পাওয়ার আকুতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
পরিবারের দাবি, ২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইমাম হাসান বাদলকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ বাদলের মা মিনারা বেগম বলেন, “আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তাকে হারিয়ে আমরা সর্বশ্রান্ত হয়ে পড়েছি। তার বাবা রুহুল আমিন ছেলেকে ফিরে পেতে থানায় জিডি করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শেষ পর্যন্ত ছেলের শোকে তিনি মারা যান। ছেলের মুখ না দেখেই তাকে দুনিয়া ছাড়তে হয়েছে।”
গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণে আয়োজিত মানববন্ধনে মানবাধিকার কর্মী, সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, মানিক উদ্দীন এবং অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ নজিরবিহীন গুমের ঘটনার সাক্ষী হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এ ধরনের ঘটনার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে গুম প্রতিরোধ আইন প্রণয়ন, গুম হওয়া পরিবারের রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা, গুম ব্যক্তিদের ব্যাংক হিসাব ও সম্পত্তি পরিবারের ভোগদখলে দেওয়ার ব্যবস্থা করা, ভারতে এখনো কেউ গুম হয়ে আছে কি না সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানো, গুমের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার এবং গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
পরে এসব দাবিসংবলিত ‘অধিকার’-এর একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]