পঞ্চগড় সীমান্তে এক বছরে মাদকসহ ১৪ কোটি টাকার মালামাল জব্দ, ৫৪৯ আসামি আটক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৭:৫৪
পঞ্চগড় সীমান্তে এক বছরে মাদকসহ ১৪ কোটি টাকার মালামাল জব্দ, ৫৪৯ আসামি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর। রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টরের অধীনে ১৫টি ব্যাটালিয়ন ও একটি বর্ডার গার্ড হাসপাতাল সীমান্ত সুরক্ষায় কাজ করছে। এসব ইউনিটের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার।


বুধবার (২০ মে) সকালে পঞ্চগড় বিজিবির দরবার হলে রংপুর বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ১৮ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গত এক বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজিবি।


গত ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ে রংপুর রিজিয়নের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৫৪৯ জন আসামিকে আটক করেন। এ সময় প্রায় ১৪ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ৪৯০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।


জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ হাজার ৩৬২ বোতল ফেনসিডিল, ১১ হাজার ১১১ বোতল বিদেশি মদ, ৩০ হাজার ১৯০ পিস ইয়াবা, ৬৩ কেজি গাঁজা, ১ লাখ ২ হাজার ১৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২ লাখ ৫০ হাজার ২৩০ পিস ভারতীয় মেটাড্রিন ট্যাবলেট, ১ লাখ ৮০ হাজার ৩৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৭ হাজার ৭২৬ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন।


এছাড়া বিভিন্ন ধরনের প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, লেহেঙ্গা, কাপড়, কম্বল, শাল, জিরা, ধান, চিনি, পেঁয়াজ, আপেল ও মোবাইল ফোনসহ নানা চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত ট্রাক, ইজি বাইক, ইঞ্জিনচালিত নৌকা, মোটরসাইকেল ও বাইসাইকেলও আটক করা হয়।


গবাদিপশুর মধ্যে ২ হাজার ২৫৩টি গরু, ৬৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার, ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি এবং ৩ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া।


বিশেষ অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৩টি বিদেশি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি এবং ৫৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এ সময় নারী ও শিশু পাচারকারী চক্রের এক ভারতীয় নাগরিকসহ মোট একজনকে আইনের আওতায় আনা হয়।


এদিকে সীমান্তবর্তী দরিদ্র মানুষের সহায়তায় শীতবস্ত্র বিতরণ, আর্থিক অনুদান, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা এবং শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জ্বালানি তেল পাচার প্রতিরোধেও সফলভাবে দায়িত্ব পালন করেছে উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com