ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০:২২
ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা আটদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


সোমবার (১৮ মে) ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ সংক্রান্ত এ নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।


নোটিশ বলা হয়, আগামী সোমবার (২৫ মে) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


বন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি ও চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এবং ভুটান আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে।


বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি কার্যক্রম স্বাভাবিক হবে।’


বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীসেবা স্বাভাবিক থাকবে।’


বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, ‘দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে জাতীয় রাজস্ব বোর্ড ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে।’


তিনি আরও বলেন, ‘বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশনের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে। তবে আগামী ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com