ভূমি দখলকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৭:১০
ভূমি দখলকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও রাষ্ট্র।


মঙ্গলবার (১৯ মে) সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বর এ জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, “আমরা যেকোনো দখল পুনরুদ্ধার করতে চাই। কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, জমিও তার। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।”


তিনি আরও বলেন, ভূমি সেবা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে তারা এ বিষয়ে সচেতনতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। আগামী দিনে তারাই দেশের নেতৃত্ব দেবে বলেও মন্তব্য করেন তিনি।


পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন এবং আগত সেবাগ্রহীতাদের সহজ ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।


এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজিত ভূমি সেবা র‌্যালিতে অংশ নেন। পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ তিনদিনব্যাপী মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ ভূমি অফিসগুলোতেও ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া মেলা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com