ঠাকুরগাঁওয়ে জিংক ধান ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস
প্রকাশ : ১৬ মে ২০২৬, ২০:৫৬
ঠাকুরগাঁওয়ে জিংক ধান ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের দরগা ঈদগাহ মাঠে “জিংক ধান ব্রি ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ মে) বিকেলে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় এ মাঠ দিবসের আয়োজন ও পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. রুনা লায়লা। তিনি বক্তব্যে হারভেস্টপ্লাস বাংলাদেশ ও ইএসডিওকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুষ্টিসমৃদ্ধ জিংক ধান মানুষের অপুষ্টি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভবিষ্যতেও জনগণের মাঝে জিংক পুষ্টির গুরুত্ব তুলে ধরতে কাজ করবেন বলে জানান।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেকে বাড়ী সরকারপাড়া জামে মসজিদের ইমাম। তিনি বলেন, জিংক পুষ্টির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে তিনি নিয়মিত নামাজ ও জুমার খুতবায় বিষয়টি তুলে ধরবেন।


কদম রসুল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ বলেন, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে তিনি জিংকসমৃদ্ধ খাদ্যের উপকারিতা নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন।


সভায় উপস্থিত ধান ব্যবসায়ী রমজান আলী বলেন, কৃষকরা জিংক ধান উৎপাদন করলে তিনি তা ন্যায্যমূল্যে ক্রয় করতে আগ্রহী। এতে কৃষকদের বাজারজাতকরণে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দেন তিনি।


এ সময় কয়েক বছর ধরে জিংক ধানের আবাদ করা কৃষক রেজাউল করিম তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০২ জাতের ধান চাষে খরচ তুলনামূলক কম, রোগবালাই কম হয় এবং সহজে হেলে পড়ে না। এছাড়া এসব ধানের ভাত খেতেও সুস্বাদু। তিনি কৃষকদের অধিক হারে জিংক ধান চাষের আহ্বান জানান।


মাঠ দিবসে শতাধিক কৃষকের উপস্থিতিতে জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, নিয়মিত জিংকসমৃদ্ধ চাল খাওয়ার মাধ্যমে পুষ্টি ঘাটতি পূরণ এবং ব্রি ধান-১০২ এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাহেরা নাজনিন ও ওয়াজ কুরনি।


এছাড়াও ইএসডিও’র “রিয়েক্টস-ইন” প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম এবং পিও মো. আবু তালহা শিশির জিংক ধানের উৎপাদন, পুষ্টিগুণ ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।


আয়োজকরা জানান, দেশের মানুষের পুষ্টিহীনতা দূর করতে এবং কৃষকদের লাভজনক ধান চাষে উৎসাহিত করতেই এ ধরনের মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com