
পঞ্চগড়ে টাঙ্গন নদীর উপর নব নির্মিত ব্রিজের একপাশে ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৬ মে) বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার ধরধরা এলাকায় এই ব্রিজের উদ্বোধন করতে গিয়ে পরিদর্শন গিয়ে নাজুক অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় তিনি ব্রিজের নিম্নমানের কাজ ও ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার ব্রিজটি নির্মাণ করা হয়।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমার জীবদ্দশায় এমন ব্রিজ দেখিনি। ব্রিজ আছে কিন্তু একপাশে কোন রাস্তা নেই। একটা ভ্যান যাওয়ার মতোও রাস্তা নেই। কিভাবে সম্ভব? আরেক দিকে রাস্তা করেছে ব্রিজ হয়েছে ১৮ ফুট, রাস্তা ১২ ফুট। এখানে ইঞ্জিনিয়ার ঠিকাদার দায়ী। আগে জানলে আমি এটি উদ্বোধন করতে আসতাম না। আমি এ বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। এতো নিম্নমানের কাজ তারেক রহমানের সরকার বরদাস্ত করবে না।
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিন ব্যাপী বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন নির্মান,সড়ক নির্মান কাজের উদ্বোধন ও করতোয়া নদীর ডান তীর বরাবর নদীর তীর প্রতিরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
বিবার্তা/বিপ্লব/এমবির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]