
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রাঘাতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গরু মারা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, আজ বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই গ্রামের তিনজনের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান মন্ডল বলেন, বজ্রপাতে তিন ব্যক্তির মৃত্যু ও একজন আহত হয়েছেন। এমন ঘটনায় খুবই বেদনাদায়ক।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ওইস্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা শুনেছি।
অপর একটি ঘটনায় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামের এক কৃষক গরু চরাতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]