
ভারতের বিধান সভার নির্বাচনকে ঘিরে টানা চারদিন বন্ধ থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্রখ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে সোমবার (২০ এপ্রিল) একটি পত্র পাঠান।
আদেশে বলা হয়, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে আদেশ প্রদান করেন। যার আদেশ নম্বর ২১। এ কারণে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিধান সভার নির্বাচনের ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিন বুড়িমারী স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের পরিপ্রেক্ষিতে ছুটি ঘোষণা করে বুড়িমারী স্থলবন্দর সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের চিঠি পাঠিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধান সভা নির্বাচন ঘিরে মঙ্গলবার থেকে টানা চারদিন বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। যার নোটিশ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন না। তবে চিকিৎসা ও ভুটান নেপালগামীরা এ ইমিগ্রশন হয়ে যাতায়াত করতে পারবেন।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]