
লালমনিরহাট জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ও সার্বিক করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ২০ এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি মোট ১ লাখ ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।জেলায় ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১১১টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।
লালমনিরহাট সিভিল সার্জনের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৬ জনের শরীরে হামের উপস্থিতি (পজিটিভ) নিশ্চিত হওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং হাম-রুবেলা বিষয়ক মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রকিবুল হাসান, ডা. সিফাত জাহান নজরদারি ও টিকাদান কর্মকর্তা, ডা. কামরুল হাসান প্রিন্স, জেলা তথ্য অফিসার সৌমিক রায়।এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]