ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান-গম চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:২৫
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান-গম চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান ও গম চাষে প্রদর্শনী কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।


সোমবার (১৩ এপ্রিল) শহরের ইএসডিও প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।


আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতায় ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করেছে কানাডা, ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।


এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম। এছাড়া রিঅ্যাক্টস-ইন এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও'র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম সহ অনেকে।


এতে জিংক সমৃদ্ধ ধান ও গমের উপকারিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং মানবদেহে জিংকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


বক্তারা বলেন, দেশের অপুষ্টি দূরীকরণে জিংক সমৃদ্ধ ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শিশু ও নারীদের পুষ্টি ঘাটতি পূরণে এসব ফসল অত্যন্ত কার্যকর। জিংক সমৃদ্ধ ধান ও গম চাষের মাধ্যমে একদিকে যেমন কৃষকের উৎপাদন বাড়বে, অন্যদিকে মানুষের খাদ্যের পুষ্টিমানও বৃদ্ধি পাবে।


প্রশিক্ষণে উন্নত বীজ ব্যবহার, সঠিক সার প্রয়োগ, রোগ-বালাই দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে জিংক ধান ও গমের প্রদর্শনী স্থাপন ও সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হয়।


আয়োজকরা জানান, “উন্নত ফসল, উন্নত পুষ্টি” এই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন সম্প্রসারণই তাদের প্রধান উদ্দেশ্য।


তারা আরও জানান, রিঅ্যাক্টস-ইন প্রকল্পের মাধ্যমে পুষ্টি উন্নয়ন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।‌


প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ কর্মশালা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তারা মাঠ পর্যায়ে জিংক সমৃদ্ধ ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবং ভবিষ্যতে এর আরও বিস্তার ঘটাতে কাজ করবেন।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com