
পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় শহরের নুরজাহান হোটেলের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্যোগটি গ্রহণ করেছে নগর রূপান্তর ফাউন্ডেশন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম। তিনি বলেন, একটি পরিষ্কার ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বিভিন্ন সংগঠন ও তরুণদের সম্পৃক্ত করে একটি সুপরিকল্পিত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, এই উদ্যোগের লক্ষ্য পঞ্চগড় পৌরসভাকে ধূলা, যানজট ও আবর্জনামুক্ত আধুনিক নগরীতে রূপান্তর করা। পাশাপাশি মশা-মাছির উপদ্রব কমানো এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পঞ্চগড়কে দেশের একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নগর রূপান্তর ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত এ অভিযানে প্রায় শতাধিক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় তরুণ অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রমটি নুরজাহান হোটেল এলাকা থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়, জেলা পরিষদ এলাকা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল হয়ে ধাক্কামাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দলবদ্ধভাবে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি পথচারী ও ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে সচেতনতা বাড়ানোর কাজও করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগে অংশ নিতে পেরে তারা গর্বিত। তাদের মতে, নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু থাকলে শহরের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি নাগরিকদের দায়িত্ববোধও বাড়বে।
আয়োজকরা জানান, এটি একদিনের কর্মসূচি নয়; বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]