
পঞ্চগড়ে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত সুবিধাভোগীদের কাছে এসব কার্ড পৌঁছে দেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্পের আওতায় পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। এ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, কারা কারা এই কার্ড পাবেন, তা তিন ধাপে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন।
তিনি জোর দিয়ে বলেন, কৃষক কার্ড কিংবা ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দল, মত, ধর্ম বা বর্ণ বিবেচনা করা হবে না। যারা প্রকৃতপক্ষে প্রাপ্য, তারাই এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে সারা দেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসন নয়—সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে নেশার ভয়াবহতা থেকে রক্ষা করা যায়।
সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগ কোনো দল বা ধর্ম দেখে না। তাই ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতেও কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা হবে না; প্রকৃত ক্ষতিগ্রস্তরাই সহায়তা পাবেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার, ১৩০ পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]