চুয়াডাঙ্গায় ক্যান্সার আক্রান্ত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩
চুয়াডাঙ্গায় ক্যান্সার আক্রান্ত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় কুটিলা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারের অসহনীয় যন্ত্রণায় ভুগে তিনি আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে জেলার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের মাঝেরপাড়া এলাকার একটি আমবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


নিহত কুটিলা খাতুন একই গ্রামের দিনমজুর হাসমত আলীর স্ত্রী।


পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় পাঁচ বছর ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার আশায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে।


স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারি বলেন, দীর্ঘদিনের অসুস্থতায় কুটিলা খাতুন মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। অসহনীয় যন্ত্রণা বাড়লে তিনি মাঝেমধ্যে আত্মহত্যার চেষ্টাও করতেন বলে পরিবার জানিয়েছে। পরিবারসহ আমাদের ধারণা, অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


আব্দুল বারি আরও বলেন, ভোরে সাহরি শেষে সবার অজান্তে তিনি বাড়ির পাশের আমবাগানে যান। ফজরের নামাজ শেষে তারই বোনের ছেলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত পরিবারের অন্য সদস্যদের খবর দেয়। পরে তারা মরদেহ নামিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে অবহিত করেন।


আসমানখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, পরিবারের দাবি কুটিলা খাতুন দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আসিম সাঈদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com