সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভ্যানচালকের মৃত্যু
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭
সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভ্যানচালকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন (৩৪) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ইব্রাহিম হোসেন ওই গ্রামের ছলেমান শেখের ছেলে।


স্থানীয় সূত্র জানা গেছে, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল উদ্দিনের পরিবারের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম উত্তেজিত হয়ে ইব্রাহিম ও তার বড় ভাই রুহুল আমিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত রুহুল আমিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা রহমান জানান, ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন অভিযুক্ত আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) এবং মাতা শাহানারা খাতুন (৫৫)।


ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com