রাজবাড়ীর দুই আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
রাজবাড়ীর দুই আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর দুইটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থীরা।ভোট গণনা শেষে গত শুক্রবার রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।তিনি বলেন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলের পাশাপাশি পোস্টাল ব্যালটের ফলাফল যোগ করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।


রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি। এবার নিয়ে রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।


তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট।


এ আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৭ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এদের মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসব ভোটের মধ্যে থেকে বাতিল হয় ৫ হাজার ৫৯৬ ভোট।


রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ বিজয়ী হয়েছেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।এটিই তার প্রথম নির্বাচন।প্রথম নির্বাচনেই বিপুল ভোটে বিজয় অর্জন করলেন তিনি।


তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু কলস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহা. আব্দুল মালেক হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০৩ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীকে পেয়েছেন ২৬৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।


এ আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৯৯ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এদের মধ্যে ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসব ভোটের মধ্যে থেকে বাতিল হয় ৯ হাজার ৩০৯ ভোট।


এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।


বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪ টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com