সৌদি প্রো লিগ
মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল আল-নাসর
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩
মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল আল-নাসর
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সৌদি প্রো লিগে এবারের মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লিগের পঞ্চম রাউন্ডের হাইভোল্টেজ ক্লাসিকোতে আল-ইত্তিহাদের মাঠে ২-১ গোলে হেরে গেছে রিয়াদের ক্লাবটি। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে একাধিক চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত জালের দেখা পাননি পর্তুগিজ সুপারস্টার রোনালদো।


ঘরের মাঠ জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অল-আউট ফুটবল খেলে আল-নাসরকে চেপে ধরে আল-ইত্তিহাদ। ম্যাচের মাত্র ৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিখেনা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২২তম মিনিটে সফরকারী দলের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।


ফুটবল পরিসংখ্যান বিশেষজ্ঞ সংস্থা ‘অপ্টা’র মতে, সৌদি প্রো লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে প্রথম ২২ মিনিটের মধ্যে ইত্তিহাদের ২ গোল দেওয়ার ঘটনা এটিই প্রথম। জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে ছন্দে ফেরে আল-নাসর। ৩৬তম মিনিটে রোনালদো ও জোয়াও ফেলিক্সের যৌথ প্রচেষ্টা থেকে বল পেয়ে দারুণ এক দূরপাল্লার শটে ব্যবধান ২-১ করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।


দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল-নাসর। ৫৭তম মিনিটে রোনালদো এবং ইনজুরি টাইমে সাদিও মানে গোল করার দারুণ সুযোগ পেলেও ইত্তিহাদ গোলরক্ষক রাজকোভিচের চমত্কার সেভে তা ব্যর্থ হয়। অ্যাঞ্জেলো, সামু কস্তা এবং সিমাকানও বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন। তাতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-ইত্তিহাদ।


এই হারের ফলে লিগে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আটকে রইল আল-নাসর। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান শক্ত করেছে আল-হিলাল, আর ১১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আল-ইত্তিহাদ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com