
হুলিয়ান আলভারেজ ও অ্যাথলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক এখন চরম সংকটে। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকারকে মাঠে নামার পর থেকেই ব্যাপক দুয়োধ্বনি শুনতে হয়েছে। ম্যাচ শেষে অন্য সতীর্থরা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেও আলভারেজ একাই মাথা নিচু করে ড্রেসিংরুমের পথে চলে যান। প্রতিবেদন গোল ডটকমের।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর আগেই একাদশ ঘোষণার সময় আলভারেজের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে দুয়োধ্বনি শুরু হয়। ৬৬ মিনিটে মাঠে নামার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অ্যাথলেটিকোর একটি অংশের সমর্থক তখন প্রকাশ্যেই তার ক্লাব ছাড়ার দাবি জানাতে থাকেন।
সমর্থকদের ক্ষোভের মূল কারণ, চলতি গ্রীষ্মের দলবদলে আলভারেজের অ্যাথলেটিকো ছাড়ার ইচ্ছা এবং তার সঙ্গে বার্সেলোনার যোগসূত্রের গুঞ্জন। মাঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে স্পষ্টতই চাপে ও অস্বস্তিতে দেখা যায়। ম্যাচের প্রায় প্রতিটি স্পর্শই পরিণত হয় নতুন করে বিদ্রূপের উপলক্ষে।
শেষ বাঁশির পর পরিস্থিতি আরও খারাপ হয়। অ্যাথলেটিকোর খেলোয়াড়রা সমর্থকদের উদ্দেশে এগিয়ে গেলেও আলভারেজ সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান। মাথা নিচু করে মাঠ ছাড়ার সময়ও তাকে দুয়োধ্বনি শুনতে হয়। এমনকি তার দিকে একটি জার্সিও ছুড়ে দেয়া হয় বলে জানা গেছে।
পরিস্থিতি আরও বড় সংকটে রূপ নেওয়ার আশঙ্কায় অ্যাথলেটিকোর কর্তৃপক্ষও হস্তক্ষেপ করে। আলভারেজকে ম্যাচ শেষে গ্যালারির সামনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়, যাতে উত্তেজনা আরও না বাড়ে।
তবে সতীর্থ ও অধিনায়ক জান ওবলাক আলভারেজের পাশে দাঁড়িয়েছেন। তিনি দলের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে মনে করিয়ে দিয়েছেন, আলভারেজ এখনো অ্যাথলেটিকোর খেলোয়াড় এবং মাঠে তার সামর্থ্য সম্পর্কে সবারই ধারণা আছে। ওবলাক আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত এমন একটি সমাধান হবে, যাতে সব পক্ষই সন্তুষ্ট থাকে।
এদিকে অ্যাথলেটিকো ছাড়ার বিষয়ে আলভারেজের অবস্থান নিয়েও আলোচনা থামছে না। বার্সেলোনার সঙ্গে তার নাম জোরালোভাবে জড়ালেও অ্যাথলেটিকোর কর্তারা তাকে বিক্রি না করতে এখনো অনড়। ফলে দলবদলের শেষ মুহূর্তগুলো তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]