ব্লুজদের হারিয়ে ম্যানসিটির শিরোপা জয়
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৫০
ব্লুজদের হারিয়ে ম্যানসিটির শিরোপা জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেলসির কঠিন প্রতিরোধ ভেঙে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিল ম্যানচেস্টার সিটি।


শনিবার (১৭ মে) ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ব্লুজদের ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার দল। এই জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে ট্রেবল অর্থাৎ তিন শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল সিটিজেনরা।


গত মার্চে আর্সেনালকে হারিয়ে কারবাও কাপ (লিগ কাপ) জিতেছিল ম্যানসিটি। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও তাদের ট্রফির লড়াই চলছে গানার্সদের সঙ্গে। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান ২ পয়েন্টের। চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচটের অপেক্ষা করতে হবে সিটিজেনদের।


গত দুই আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর এফএ কাপ ঘরে নিলো ম্যানসিটি। এই ট্রফি জয়ের ফলে ম্যানসিটির ডাগআউটে কোচ পেপ গার্দিওলা তার ২০তম শিরোপার স্বাদ পেলেন, যার মধ্যে এফএ কাপের ট্রফি তিনটি। সিটির মনোযোগ এখন পুরোপুরি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দিকে।


হাইভোল্টেজ এই ফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। রক্ষণভাগ জমাট রেখে ম্যানসিটিকে দীর্ঘক্ষণ আটকে রাখতে সক্ষম হয় চেলসি। ম্যাচের ২৭ মিনিটে আর্লিং হালান্ড চেলসির জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের আরেকটি নিশ্চিত গোল দারুণ দক্ষতায় রুখে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।


বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কেউই জালের দেখা পাচ্ছিল না। অবশেষে ৭২ মিনিটে ম্যানসিটি গোলের দেখা পায়। বার্নার্ডো সিলভা বল বাড়ান হালান্ডের কাছে। ডানদিক থেকে নরওয়েজিয়ান তারকা খুঁজে পান আন্তোয়ান সেমেনিওকে। তার গায়ের সঙ্গে লেগে ছিলেন চেলসি ডিফেন্ডার লেভি কলউইল। দারুণ পায়ের কাজ দেখিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে সানচেজকে পরাস্ত করেন ঘানাইয়ান ফরোয়ার্ড।


পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চেলসি। পাঁচ মিনিট পর ম্যানসিটির বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সমতায় ফেরা হয়নি ব্লুজদের। শেষ পর্যন্ত সিলভার ওই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।


ট্রেবল জয়ে সিটির মনোযোগ এবার ফেরাতে হচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে। মঙ্গলবার তারা বোর্নমাউথের মাঠে নামবে। লিগ শিরোপার কঠিন লড়াই কোথায় গিয়ে থামবে, তা অজানা। তবে সেই সাফল্য না পেলেও গার্দিওলা তার সম্ভাব্য বিদায়ী মৌসুম শেষ করবেন অন্তত দুটি শিরোপা জিতে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com