
জিতলেই চ্যাম্পিয়ন। ড্র, কিংবা হারলেও সুযোগ থাকবে। এমন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বসুন্ধরা কিংসের সামনে ছিল শক্তিশালী ঢাকা আবাহনী। যাদের সামনেও ছিল শিরোপা জেতার হাতছানি। বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) এই অলিখিত ‘ফাইনালে’ আবাহনীকে হারিয়ে শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস।
শুক্রবার (১৫ মে) লিগ শিরোপা নির্ধারণী ম্যাচটি গড়ায় কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। যেখানে আবাহনীকে ২-০ গোলে হারায় কিংস। দুটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। পেনাল্টি থেকে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো এগিয়ে দেওয়ার পর দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা সিনিয়র।
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট পেয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকলো আবাহনী। ১৭তম রাউন্ডে চ্যাম্পিয়ন দলকে পাওয়া গেলেও রানার্সআপ নির্ধারণ হবে শেষ রাউন্ডে। কেননা এদিন ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। তাদের পয়েন্ট আবাহনীর সমান ৩৪।
২০০৭ সালে পেশাদার যুগে প্রবেশ করে বাংলাদেশের ফুটবল লিগ। এরপর থেকে সর্বোচ্চ ৬বার শিরোপা জিতেছে ঢাকা আবাহনী। সর্বোচ্চ শিরোপা জেতার তালিকায় এখন থেকে তাদের সঙ্গে নাম থাকবে বসুন্ধরা কিংসেরও। ক্লাবটির জন্মের পর থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জিতল তারা।
এদিকে বসুন্ধরা কিংস ক্লাবের জন্মের পর আর কখনও শিরোপা জেতা হয়নি ধানমন্ডিপাড়ার ক্লাবটির। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল আবাহনী। এরপর আরও চারবার রানার্সআপ হলেও শিরোপা জেতা দূরের স্বপ্নই রয়ে গেলো আকাশি-নীলদের জন্য।
আর ২০১৮-১৯ মৌসুম থেকে টানা ৫বার লিগ শিরোপা জেতে বসুন্ধরা কিংস। গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারায় তারা। এক মৌসুম বাদে লিগ ট্রফি পুনরুদ্ধার করল লাল-সাদা জার্সিধারীরা।
এদিন ৪৩ মিনিটে আবাহনী জালে বল ঠেলে দিলেও অফসাইডের কারণে গোল পাননি কিংসের সোহেল রানা সিনিয়র। বিরতির এই অর্ধে আবাহনীর চেয়ে দারুণ খেলেও গোলশূন্য বিরতিতে যায় কিংস।
৬২ মিনিটে এক পরিবর্তন আনে আবাহনী। মিরাজুলের জায়গায় কোচ মারুফুল হক বদলি হিসেবে নামান ব্রুনো মাতোসকে। ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠে নামার পরপরই বেশ কিছু আক্রমণ শানায় আবাহনী। ৬৫ মিনিটে এমেকার দারুণ ক্রসের নাগাল পাননি ব্রুনো। ৬৬ মিনিটে আরও একবার এমেকার পাসের নাগাল একটুর জন্য পেলেন না ব্রুনো।
৭২ মিনিটে বক্সে ফাহিম ঢুকে পড়লে তাঁকে বাধা দিয়ে পেনাল্টি হজম করেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। বাম দিকের টপ কর্নার দিয়ে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লিগের ১৮তম গোলে শিরোপার সুবাস পেতে থাকলো পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
৭৬ মিনিটে ব্রুনো মাতোসের শট ধরে ফেলেন শ্রাবন। পরের মিনিটে শিরোপা নিশ্চিত করা গোলটি করলেন কিংসের সোহেলে রানা। ছোট সোহেলের কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন সিনিয়র সোহেল।
৮১ মিনিটে ব্যবধান ৩-০ হয়নি মিতুলের দৃঢ়তায়। ডান দিক দিয়ে উপরে উঠে পোস্টেই শট নেন সাদ উদ্দিন। সেটি আটকে দেন মিতুল, দ্বিতীয় প্রচেষ্টায় ছোট বক্সের মধ্য থেকে ইমনের শট প্রতিহত হয় আবাহনী রক্ষণে। ৮৫ মিনিটে এমেকার ডান পায়ের শট বেরিয়ে যায় একটু উপরে দিয়ে। গো করা ৮ মিনিটেও আর হার এড়াতে পারেনি আবাহনী। ২-০ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে কিংস।
দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। আরামবাগের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে পুলিশ এফসি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]