
সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলার কারণে মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আগামী ১ ডিসেম্বর এ সমাবেশ হবে। মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গত পরশু (শুক্রবার) আমরা আমাদের সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করেছিলাম। কিন্তু সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাসের কাজ চলমান থাকায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিজয় মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টন পার্টি অফিসের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নয়াপল্টনে কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে।
রিজভী জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান নেতাদের বিজয় মাস যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্যভাবে উদযাপনের নির্দেশনা দিয়েছেন। তিনি উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]