
নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও মালিক পক্ষের গুন্ডাবাহিনীর বল প্রয়োগ, নির্যাতন, গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সোমবার (২ নভেম্বর) দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আন্দোলনের মুখে সরকার মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকদের ন্যূনতম মানবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ও ন্যায্য ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনকে দমন করা এবং শ্রমিকদের ন্যায্য দাবিকে অস্বীকার করার জন্য রাজনৈতিক তকমা দেয়া, বিদেশী ষড়যন্ত্র বলে মিথ্যাচার করার বস্তাপঁচা কৌশল প্রয়োগ করছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, সবাই স্বীকার করেন যে, দেশের অর্থনীতি বহুলাংশেই গার্মেন্টস শ্রমিকদের শ্রমের উপর নির্ভরশীল। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম, ঔষধের দাম ও চিকিৎসার খরচ, গ্যাস—বিদ্যুৎ—জ্বালানি তেলের দাম, যাতায়াত খরচ, শিক্ষা খরচ বাজার দর ও জীবনযাপন ব্যয় যে হারে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে একজন গার্মেন্টস শ্রমিকের ৩০ দিনের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি যৌক্তিক মজুরির চেয়েও অনেক কম। জাসদের বিবৃতিতে কোনো অজুহাত না দেখিয়ে ৩০ হাজার টাকা ন্যুনতম মজুরি ঘোষণার দাবি জানানো হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]