
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। এ সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া না হলে দেশজুড়ে বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
ঘটনার প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, এটি শুধু হামলা ও ভাঙচুরের ঘটনা নয়, বরং দলীয় চেয়ারম্যানকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
দেশে বারবার ‘মব কালচারের’ পুনরাবৃত্তি ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হবে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জিডি ও মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং পুলিশ মামলা গ্রহণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারী।
এদিকে, হামলার প্রতিবাদে বাদ আসর বিক্ষোভ মিছিলসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]