
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ খালিদ হাসান তারেক (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি জামায়াতের কর্মী নন, জামায়াতকে ভালোবাসতেন।
শেখ খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির বটতলা এলাকার বাসিন্দা।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তারেক বলেন,‘২০১১ সাল থেকে আমি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়ন আমিরের বাড়ি আমার বাড়ির পাশে। ঢাকায় আন্দোলন, মিছিল-মিটিং সবখানে আমি হাজির ছিলাম। জাতীয় নির্বাচনেও আমি বুড়ির বটতলা কেন্দ্রে জামায়াতের এজেন্ট ছিলাম। কিন্তু দলে মূল্যায়ন পাইনি। মন্দির পাহারা দেওয়া নিয়ে আমি আপত্তি জানিয়েছিলাম। তাই নিয়ে আমিরের সঙ্গে আমার বিরোধ হইছিল। এর পর থেকে আমারে একটু অবহেলার পাত্র হিসেবে রাইখে দিছে। তাই ক্ষোভে দুঃখে আমি ভাবলাম আর কী দল করব? তখন সিদ্ধান্ত নিই দুধ-পানি দিয়ে গোসল করে দল ত্যাগ করব। প্রয়োজনে আর কোনো দলই করব না।’
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের আগে বুড়ির বটতলা এলাকায় সড়কের পাশে দুধ দিয়ে গোসল করে ভিডিও ধারণ করি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেই।
এদিকে ছড়িয়ে পাড়া ওই ভিডিওতে খালিদ হাসানকে বলতে শোনা যায়, ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না। দল ত্যাগ করে দিছি, জামায়াত ইসলাম করতাম সারা জীবন।’
তবে তারেকের দাবির বিষয়ে জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা কমিটির সেক্রেটারি আবুল আল মাসুম ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি জামায়াতকে ভালোবাসতেন মাত্র।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]