
বগুড়া-৬ (সদর) আসনের ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ৪১টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) দ্বিতীয় স্থানে রয়েছেন।
৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। অপরদিকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। ফলে এ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩১ হাজার ৮৪৩ ভোটে এগিয়ে আছেন।
বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। সেখানে তিনি ধানের শীষ প্রতীকে ২ হাজার ১৫৮ ভোট পান, আর তার প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৮৪৯ ভোট।
মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমানের প্রাপ্ত ভোট ১ হাজার ৮৩৪, আর আবিদুর রহমানের ১ হাজার ৪।
এছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৭০ ভোট (দাঁড়িপাল্লা ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ (দাঁড়িপাল্লা ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ (দাঁড়িপাল্লা ৬৬০) এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৫৪১ ভোট (দাঁড়িপাল্লা ৭৬৫)। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদরাসার দুটি কেন্দ্রেও বিএনপির প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরী (মই) এসব কেন্দ্রে কয়েকশ ভোটের বেশি পাননি।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে চারটা থেকে গণনা শুরু হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনটিতে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।
মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এখনো বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলাফলকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]