
বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন আলী আহম্মদ নামে এক ইউপি সদস্য। গতকাল
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে পাজরাভাঙ্গা এলাকায় ধারালো রামদা দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত আলী আহম্মদ উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহম্মদ কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। কালিরখাল এলাকায় পৌঁছালে সাইদুল ও রিয়াদ নামে দুই যুবক তাঁর গাড়ির গতিরোধ করে। এর পর হামলাকারীরা লাঠি ও ধারালো রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত থাকায় এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আলী আহম্মদকে বরিশালে পাঠানো হয়েছে। তালতলী থানার ওসি আসাদুর রহমান জানান, ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রশাসনের একটি টিম কাজ করছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]