এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৭
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসাস্থল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।


শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষজন সেখানে ভিড় করছেন। দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় হাসপাতালে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।


এ কারণে বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতা-কর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।


এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com