
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।
সোমবার (২৩ নভেম্বর) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো নাগরিকের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতন কোনো সভ্য, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা, লাঞ্ছনা ও নির্যাতনের ঘটনা ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)-এর শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
আমরা অবিলম্বে নড়াইলের বেন্দারচরের ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে সারা দেশে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করছি।
আমাদের সুস্পষ্ট দাবি—সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের প্রতিটি নাগরিকের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। একইভাবে শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে শিক্ষাদান ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমাদের স্পষ্ট বক্তব্য—সহিংসতা বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক নিপীড়ন নয়, সংখ্যালঘুদের নিরাপত্তা চাই; শিক্ষক নির্যাতন নয়, শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও মর্যাদা চাই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]