
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির প্রমুখ।
এর আগে, আজ সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। ১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়েছিল। ওই বৈঠকে এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়াও তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]