
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই। এই কার্ড পর্যায়ক্রমে সবাই পাবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ইতিহাসে একটি নাম লিখতে যাচ্ছেন, তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তিনিও জাতিসংঘে ভাষণ দেবেন। এই ইতিহাস ইতোপূর্বে কেউ করতে পারেনি, বর্তমানে কেউ পারবেনা, ভবিষ্যতেও কেউ পারবে কিনা সন্দেহ রয়েছে। সেই দলের কর্মী আমরা।
এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]