পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২২:০৮
পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান অস্থিরতা রাজনৈতিকভাবে মোকাবিলার কথা জানিয়েছে সরকার।


রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। পাশাপাশি কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন এবং পোশাকশিল্পের অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।


ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে বিভিন্ন শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।


এর আগে রবিবার সকালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। ছয় সদস্যের এ বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com