প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:২৭
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কাতার, কুয়েত ও বাহরাইন আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


সোমবার (২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করে এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খলিলুর রহমান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’


এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।


নিহত বাংলাদেশিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে মারা যাওয়া সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন।


বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও মানামায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।


কুয়েতে চারজন বাংলাদেশি—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া ড্রোন হামলায় আহত হয়েছেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com