
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজ এই দিনে ভালোবাসার অনন্য অনুভূতিই হতে পারে জীবনের সেরা উপহার। তবে বিশেষ দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার মাঝেও আছে আলাদা আনন্দ।
উপহার দেওয়া কঠিন ব্যাপার নয়। তবে উপহার দিয়ে কাউকে সত্যিই খুশি করতে চাইলে কিছু বিষয় মনে রাখা জরুরি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “কাউকে উপহার দিতে চাইলে এমনভাবে দিন যাতে মনে হয় আপনি ওই ব্যক্তির জন্য ভেবেচিন্তেই তা বাছাই করেছেন। খুব দামি উপহারও ‘বিশেষ কিছু’ হয়ে উঠতে না পারে, যদি আন্তরিকতা না থাকে।”
অতিরিক্ত দামি উপহার পাওয়ার পর প্রিয়জন পাল্টা উপহার বাছাই করতে গিয়ে মুশকিলে পড়তে পারেন। তাই উপহারে বাহুল্য না রাখাই ভালো।
“বরং সাদামাটা উপহারসামগ্রীকেও একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায়। আকর্ষণীয় মোড়ক বেছে নিন। ছোট উপহার কাস্টমাইজ করে দিন, যাতে আপনার আবেগ ফুটে উঠবে। রোজকার ব্যবহার্য সাধারণ জিনিসও দিতে পারেন, যা প্রিয়জনের কাজে আসবে”- পরামর্শ দেন এই মনোবিদ।
ফুল ভালোবাসার চিরন্তন প্রতীক। লাল গোলাপ ছাড়াও অন্যান্য ফুল দিয়ে সুন্দর গুচ্ছ বানানো যায়। ফিতা দিয়ে বাঁধার সময় প্রেমময় ছোট্ট বার্তা জুড়ে দিন। ঝুড়িতে ফুল সাজিয়ে এক কোণে বার্তা রাখতে পারেন।
চকলেটও ভালোবাসার প্রিয় উপহার। কয়েকটা চকলেট সুন্দর করে সাজিয়ে দিন। হৃদয়াকৃতির বাক্সে চকলেট দিতে পারেন। অনলাইন দোকান থেকে অভিনব প্যাকেটের চকলেট নিতে পারেন, যেখানে নিজেদের ছবি বা ভালোবাসার বার্তা লেখার সুযোগ থাকে।
মোমও চমৎকার উপহার। নানান আকৃতির মোম পাওয়া যায়। ফুল বা হৃদয়াকৃতির মোম, কাচের গ্লাসে সাজানো মোম বা সুগন্ধি মোম দেওয়া যেতে পারে। প্রাকৃতিক উপাদানে তৈরি মোম বেছে নিন।
আলোর ভিন্ন উৎসও উপহার হিসেবে দারুণ। ফুল বা হৃদয়াকৃতির ছোট ল্যাম্প দিতে পারেন। নিজেদের ছবি বা নাম দিয়ে কাস্টমাইজ করা ল্যাম্পও নিতে পারেন। কাচের পাত্রে মরিচবাতি বা স্ট্রিং লাইট রেখে ফিতা বেঁধে দিলেও তা সুন্দর উপহার হয়।
রঙিন কাচের চুড়ি, ছোটখাটো গয়না, সুগন্ধি, পার্স, ওয়ালেট, চাবির রিং, ব্যাগ চার্ম বা প্রেমের কবিতার বইও দিতে পারেন। সঙ্গে মনের অনুভূতি প্রকাশ করে ছোট্ট একটা বার্তা যোগ করুন।
অনলাইন দোকান থেকে উপহার কিনতে চাইলে আগেভাগে ফরমাশ দিয়ে রাখুন। দূর থেকে প্রিয়জনকে চমকে দিতে তাঁর ঠিকানায় উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন।
উপহার বাছাই করার সময় অবশ্যই প্রিয়জনের ব্যক্তিত্ব ও পছন্দের কথা মনে রাখুন। আন্তরিকতা ও যত্নই উপহারের আসল মূল্য।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]