
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের কোনো সুযোগ আমাদের দেশে নেই। এ দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে এবং সেই আইন অনুযায়ীই সাজা কার্যকর করা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। সেখানে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত বা প্রস্তাব বিবেচনা করতে পারে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশে ফেরার পর তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করা। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে তার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে।
তবে রবিবার চিফ প্রসিকিউটর স্পষ্ট করেছেন, ভারতের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশের বিদ্যমান আইনের বাইরে গিয়ে নতুন করে বিচার করার সুযোগ নেই।
জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।
ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় তার আপিলের সুযোগ শেষ হয়েছে। এখন দেশে ফিরলে আইন অনুযায়ী তার সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]