উগ্রবাদী কর্মকাণ্ডে গ্রেফতার ৭ জনকে তিন দিনের রিমান্ড
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৬:৫৫
উগ্রবাদী কর্মকাণ্ডে গ্রেফতার ৭ জনকে তিন দিনের রিমান্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) ৭ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মার্শাল আর্ট শেখার আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


রবিবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।


এর আগে, এ ঘটনায় শনিবার (১১ জুলাই) দুপুরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এবি সিদ্দিক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এতে ১৬ জনের নাম উল্লেখ করা হয়।


রিমান্ডপ্রাপ্ত সাত আসামিরা হলেন- শাহ আমানত সাবির (২৩), মো. হোসাইন তানিম (২০), জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান (২০), মো. বায়োজিত (৩০) এবং তাহসিন ইসলাম ওরফে সুলতান ওরফে মুসায়াব (১৯)।


এদিন কারাগারে আটক ৭ জনকে আদালতে হাজির করা হয়। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সাদ্দাম হোসেনসহ কয়েকজন আসামিদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


উল্লেখ্য, গত ৫ জুলাই যাত্রাবাড়ী থেকে এফসিএসের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সা‌বিরসহ ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে ৯ জুলাই যশোর থেকে এফসিএস সদস্য তাহসীন ইসলামকে গ্রেফতার করা হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, উগ্রবাদী কাজে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com