‘দেশের সব ক্রিমিনাল তৈরি করেছে ঢাবি’ মন্তব্য করায় ফুয়াদকে আইনি নোটিশ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৫:২৯
‘দেশের সব ক্রিমিনাল তৈরি করেছে ঢাবি’ মন্তব্য করায় ফুয়াদকে আইনি নোটিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়’—এমন বক্তব্যের জন্য আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে এ নোটিশ পাঠানো হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা শনিবার (৪ জুলাই) নোটিশ প্রেরণের তথ্য নিশ্চিত করেছেন।


নোটিশে ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে ক্ষতিপূরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে ১০০ কোটি টাকা জমা দিতে বলা হয়েছে।


‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার কারণে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে জরুরি আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ চেয়ে নোটিশে বলা হয়, গত ১ জুলাই ঢাকসু কার্যালয়ে আয়োজিত “বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়” শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও অনুষদ সদস্যদের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর, মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন।


এই ধরনের বেপরোয়া ও অবমাননাকর বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, খ্যাতি ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এসব মন্তব্য লাখ লাখ প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মনে গভীর মানসিক কষ্ট, যন্ত্রণা এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।


তাই, এই নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে নিম্নলিখিত দাবিগুলো পূরণ করার আহ্বান জানানো হয়েছে—


এক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদানের জন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ;


দুই. ১ জুলাই প্রদত্ত অবমাননাকর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা;


তিন. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা প্রদান করা, যা সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দেওয়া হবে, যাতে এটি একাডেমিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধিতে ব্যবহৃত হতে পারে।


দাবি পূরণে ব্যর্থ হলে বা ৭২ ঘণ্টার নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com