সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণের অভিযোগে এএসপি ফজলুর গ্রেফতার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৪:০৫
সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণের অভিযোগে এএসপি ফজলুর গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকায় তার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে। শুক্রবার (৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফজলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


জানা গেছে, সুখরঞ্জন বালী পিরোজপুরের বাসিন্দা। তিনি ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে ঢাকায় আসেন। অভিযোগ রয়েছে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে তাকে তুলে নেয়া হয়। পরে তাকে সীমান্ত পেরিয়ে ভারতে পাওয়া যায়। ঘটনাটি সে সময় দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়।


২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। পরে একই বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সেই রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।


দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com