
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৬ জুন) বিকেলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইনের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুল হক দিদার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করা এবং বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের জন্য অর্থায়নের সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে তিনি আদালতে আবেদন জানান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ডের বিরোধিতা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুন মিরপুর-১ এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]