
২০২৪ সাালের বৈষম্যবিরোধী আন্দোলেনে প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। রায়ে তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদকে প্রধান আসামি হিসেবে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
এদিকে জুলাই হত্যাকাণ্ডের অন্য একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৪ জুন এই মামলার যুক্তিতর্ক শুনানির নতুন দিন ধার্য করেছেন।
আজ রবিবার এই মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী মাসের এই নতুন তারিখ নির্ধারণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই মামলাগুলোর কার্যক্রম ট্রাইব্যুনালে চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]