
নতুন করে গ্রেফতার দেখানো মামলায় জামিন পেতে নিম্ন আদালতে ফের ব্যর্থ হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (৫ মার্চ) তাঁর আইনজীবীরা জামিনের আবেদন নিয়ে গেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালত তা নামঞ্জুর করেন।
২৬ ফেব্রুয়ারি হত্যাসহ ৫টি মামলায় হাইকোর্টে জামিন পান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইভী। সেদিনই পুলিশ তাকে দেড় বছর আগের সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেফতার দেখায়। এটি তার বিরুদ্ধে ১১তম মামলা।
সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেন। সেদিনও গ্রেফতার দেখানোর বিরোধিতা এবং জামিনের আবেদন করে ব্যর্থ হন আইভীর আইনজীবীরা।
সাবেক মেয়রের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, এ অবস্থায় তারা আগামী সপ্তাহে জেলা জজ আদালতে জামিনের জন্য আবেদন করবেন। সেখানেও নাকচ হলে হাইকোর্টে যাবেন।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে আন্দোলনকারীরা অগ্নিসংযোগ করে। এ ভবনে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখায় ইন্টেরিয়র সাজসজ্জার কাজ চলছিল। ব্যাংকের ভেতরে আটকে আগুনে পুড়ে মারা যান ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মন্ডলসহ তিন শ্রমিক।
এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে গ্রেফতার দেখায় পুলিশ।এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়।
এর মধ্যে ৫টি মামলায় ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। আরও পাঁচটি মামলার জামিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সেলিম মন্ডল হত্যা মামলার এজাহারে সাবেক মেয়রের নাম নেই। শুধু হয়রানি করার জন্য এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি একজন পরিচ্ছন মানুষ। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]