বৈষম্যবিরোধী নেতা রিয়াদের ২ দিনের রিমান্ড
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৫:৫৮
বৈষম্যবিরোধী নেতা রিয়াদের ২ দিনের রিমান্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এবার হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে পেয়েছে আদালত। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের রিমান্ড আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।


বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।


গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরমান আলী আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন বৃহস্পতিবার ঠিক করেন।


এদিন শুনানিকালে তাদের আদলতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।


রিয়াদের পক্ষে আইনজীবী জাকির হোসাইন এবং অন্য তিন আসামির পক্ষে সাখাওয়াত হোসেন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।


তিন আসামির আইনজীবী সাখাওয়াত হোসেন আদালতে বলেন, ‘তারা চাকরি পরীক্ষার্থী। এই বিবেচনায় তাদের জামিন প্রার্থনা করছি।’


প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এতে অচেনা ১০/২২ জনকে আসামি করা হয়।


মামলার বিবরণে বলা হয়েছে, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎ হলে আসামিরা তাকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বলেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে রাজ্জাকের নির্দেশে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান।


মামলার এজাহারে বলা হয়, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশে মুখমণ্ডলে আঘাত করে। এতে তার নাকে লেগে উপরিভাগ কেটে গুরুতর জখম হয়। এসময় তাকে এলোপাথারি মারধর করা হয়। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা নির্জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।


এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলা গ্রেফতার হয়েছিলেন রাজ্জাক। ওই মামলায় জামিনে কারামুক্ত হয়ে তিনি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com