
আকাশপথে যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ ছিল। চার ঘণ্টারও বেশি সময় পর আবারও উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এখনো ফ্লাইট বিলম্ব ও কোনো কোনো ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর মধ্যে যোগাযোগে সমস্যার কারণে স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে সব বিমান বন্দরে ফ্লাইট স্থগিত করে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
এ নির্দেশ জারির পর দেশটির হাজারও ফ্লাইটের সূচিতে বিপর্যয় দেখা দেয়। যদিও নির্দেশ জারির সময় আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]